News

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, ডেসকোর পাঁচ কর্মকর্তা বরখাস্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পাঁচজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ডেসকো (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড)। তবে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানী ও নির্বাহী প্রকৌশলী রায়হান আরেফিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে এ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

Advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে অনুষ্ঠানস্থল অন্ধকার হয়ে পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের তৎপর হতে দেখা যায়।

ডেসকোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রায়হান আরেফিনের সই করা ২৫ নভেম্বরের অফিস আদেশে দেখা যায়, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পাঁচটি দলের মাধ্যমে ১২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরও অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা টিম-১-এর প্রধান ছিলেন সহকারী প্রকৌশলী রেজাউল করিম। স্টেডিয়ামের বাইরে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা তদারকির দায়িত্বে থাকা টিম-২-এর প্রধান ছিলেন উপসহকারী প্রকৌশলী ময়দুল ইসলাম।

স্টেডিয়ামের বাইরের এলাকায় দায়িত্বে থাকা টিম-৩-এর প্রধান ছিলেন উপসহকারী প্রকৌশলী আকমাল ফকির। মিরপুর সেকশন-৬ উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা টিম-৪-এর প্রধান ছিলেন সহকারী প্রকৌশলী শেখ ওয়াহিদ মঈদ।

অন্যদিকে, ডেসকোর অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণের দায়িত্বে থাকা টিম-৫-এর প্রধান ছিলেন সহকারী প্রকৌশলী রানা আহম্মদ। বিদ্যুৎ বিভ্রাটের পর ওই দিনই ডেসকোর আদেশে এই পাঁচ দলের প্রধানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

তবে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানী ও নির্বাহী প্রকৌশলী রায়হান আরেফিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

source: Asia Post

Leave a Reply

Back to top button