Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাস

কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ফেরত পাঠালো ৪৫ বাংলাদেশিকে

ডেস্ক রিপোর্ট:
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৬৮ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

একেপিএস এক বিবৃতিতে জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি এবং সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।

একেপিএস জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড। জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএ-এর নজরদারি দল ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জনকে (৩৪%) প্রকৃত পর্যটক না হওয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

একেপিএস কেএলআইএ জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশ করতে চাওয়া পর্যটকদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় তাদের দেশে ফেরত পাঠানো হবে। দেশটির সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে কড়া নজরদারি অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।

Source: প্রবাস বার্তা

Back to top button