সর্বশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এ পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখনও নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সংঘটিত এই ভয়াবহ দুর্যোগে বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের তীব্রতায় কাশিমা শহরের ‘এইয়ন মল’ নামক একটি শপিং সেন্টারের দ্বিতীয় তলা ধসে পড়ে বেশ কয়েকজন সেখানে আটকা পড়েন; যা প্রাথমিকভাবে গ্যাস লিকের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইয়াতসুশিরো এলাকার নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানার একটি বিশাল চিমনি ধসে পড়ে বেশ কিছু শ্রমিক আটকা পড়েছেন বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি কুমামোতো ও পাশের নাগাসাকি প্রিফেকচারের ২ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরমর্শ দিয়েছে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আঘাতপ্রাপ্ত এই এলাকাগুলোতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button