News

আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে পড়া রিজার্ভের অর্থ ছাড় করার শর্তে মার্কিন কোম্পানিগুলোকে দেশের খনিজ সম্পদে বিনিয়োগের উন্মুক্ত প্রস্তাব দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

এক সাক্ষাৎকারে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি স্পষ্ট জানান, কাবিলে মাইনিং বা খনি খাত, অবকাঠামো, কৃষি এবং বাণিজ্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকে তারা পূর্ণ স্বাগত জানাবেন।অতীতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের দৃষ্টিভঙ্গি ভুলে দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।

ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, আফগানিস্তানে তামা, লিথিয়াম, কোবাল্ট, লোহা ও স্বর্ণসহ প্রায় ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারেরও বেশি মূল্যের বিপুল অব্যবহৃত খনিজ সম্পদ মাটির নিচে পড়ে রয়েছে।আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার কারণে স্থবির হয়ে থাকা এই সম্পদকেই এখন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চাবিকাঠি বা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে তালেবান প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসন তালেবানের এমন অর্থনৈতিক প্রস্তাবে এখন পর্যন্ত বিশেষ কোনো আগ্রহ দেখায়নি। উল্টো ট্রাম্প আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ মার্কিন বাহিনীর কাছে ফেরত চেয়েছেন, যা সরাসরি নাকচ করে দিয়ে মুত্তাকি জানান— আফগানিস্তানের প্রতিটি সামরিক ও অসামরিক স্থাপনা তাদের নিজস্ব জাতীয় সম্পদ।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button