News

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে তারা।

শুক্রবার দিনভর এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। ঢাকা ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সিলেট ও নওগাঁর বদলগাছীসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জানিয়েছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায় দলটি।

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button