বরিশাল সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। এনসিপি বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সিকদার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর আগে এনসিপি বরিশাল মহানগর ও জেলা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা এবং রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসার বন্দোবস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা জানি, এই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে সবার আগে কাদের টার্গেট করা হবে- আপনাদের, আমাদের এবং জুলাই আন্দোলনকে। তাই যে কোনো মূল্যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এক হয়ে রুখে দাঁড়াতে হবে ‘
তিনি বলেন, ‘অন্যদিকে, যারা নানা ইঞ্জিনিয়ারিং বা চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারাও আজ নতুন স্বৈরাচার হওয়ার অপচেষ্টায় লিপ্ত। ফলে আমাদের লড়াই এখন দ্বিমুখী- বিগত স্বৈরাচারের বিরুদ্ধে এবং সামনে আসতে চাওয়া নতুন স্বৈরাচারের বিরুদ্ধেও। এই আন্দোলন আগের চেয়েও অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং; আর এর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি মাঠে না থাকি, তবে এ দেশের মানুষ কার দিকে তাকাবে? তারা আজ এনসিপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। আপনারা যখন মানুষের দ্বারে যান, তারাও একই কথা বলে। যে সংসদ এত রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সংসদকে আজ নানা উপায়ে অকার্যকর করার চক্রান্ত চলছে। জনমত ও গণরায়কে তোয়াক্কা না করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা না করে কেবল একটি সংশোধন কমিটি করা হয়েছে।’
বর্তমান সরকার গ্যাস, বিদ্যুৎ কিংবা সারের সংকটের কোনো স্থায়ী সমাধান করতে পারছে না উল্লেখ করে এনসিপির প্রধান বলেন, ‘তারা বলেছিল তাদের নাকি মাস্টারপ্ল্যান রয়েছে; অথচ আজ তারা বিরোধী দলের কাছে প্ল্যান চাইছে! বিরোধী দলের কাছেই যদি প্ল্যান চাইতে হয়, তবে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কারণ আমরা পরিকল্পনা দিলেও তা বাস্তবায়ন করার মতো যোগ্যতা ও দক্ষতা এই সরকারের নেই। নিজেদের নেওয়া পরিকল্পনাগুলোই তারা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছে না।’
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের নদ-নদীর পানির ন্যায্য হিস্যা ছিনিয়ে আনতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও সারের যে তীব্র সংকট তৈরি হয়েছে; বিশেষ করে বরিশালে সার সংকটে কৃষকরা যেভাবে ভুগছে- এর স্থায়ী সমাধান করতে হবে।’
এনসিপি বরিশাল মহানগরের আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।
source: Barta Bazar