তিয়েনআনমেনের ইতিহাস মুছে দিচ্ছে চীনের এআই, পশ্চিমা গণতন্ত্রে হুমকির সতর্কতা

চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘ইতিহাস নতুন করে লিখছে’ এবং পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিষয়ক প্রধান।
সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় প্রণীত আইনগুলোর স্বাধীন পর্যালোচক হিসেবে দায়িত্ব পালন করা জোনাথন হল বলেছেন, চীনের ভয়ংকর এআই বটগুলোর কর্মকাণ্ডের কারণে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
দায়িত্ব ছাড়ার আগে দেওয়া এক কঠোর বক্তব্যে তিনি অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাটি এআই ব্যবহার করে ‘স্বাধীনতার ধীরগতির শ্বাসরোধের’ পরিকল্পনা করছে।
সাত বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষ দিকে পদ ছাড়তে যাওয়া হল চীনের অন্যতম বৈশ্বিক এআই প্ল্যাটফর্ম কিউয়েন থ্রি (Qwen3) পরীক্ষা করে দেখেন, ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনা কখনো ঘটেনি বলে এটি দাবি করছে।
তাঁর এই উদ্বেগ বিচার মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে। এর আগে দ্য টেলিগ্রাফ প্রথম প্রকাশ করেছিল, অপরাধসংক্রান্ত নথি বিশ্লেষণে কিউয়েন থ্রি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি। হোয়াইটহলে চীনা এআই ব্যবস্থা ব্যবহারের এটিই প্রথম জানা ঘটনা।
এআই মডেলটি তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলোর একটি হয়ে ওঠা প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৫০ বিলিয়ন পাউন্ড।
কিউয়েনের সর্বশেষ মডেল কিউয়েন থ্রি গত আগস্টে উন্মুক্ত করা হয়। ইংরেজি ভাষায় উপলভ্য এবং বিনা মূল্যে ডাউনলোডযোগ্য এই মডেলকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর কারণে যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য সৃষ্ট হুমকি মোকাবিলায় প্রণীত আইনগুলোর তদারকির দায়িত্বে থাকা হল মনে করেন, চীনে তৈরি এআই এখন গণতন্ত্র, সত্য ও বাক্স্বাধীনতার মতো পশ্চিমা মূল্যবোধের মূল ভিত্তির জন্য অস্তিত্বগত হুমকি হয়ে উঠেছে।
দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার বিষয়টি যদি পশ্চিমা গণতন্ত্রকে রক্ষা করার সঙ্গে সম্পর্কিত হয়, যেখানে রয়েছে মুক্ত অনুসন্ধানের চেতনা এবং প্রমাণ ও বিতর্কের প্রতি অঙ্গীকার, তাহলে কিউয়েনের স্ব-আরোপিত সেন্সরশিপ, ঐতিহাসিক তথ্যের ওপর আক্রমণ এবং চীনা প্রচারণার প্রসার সত্যিকারের হুমকি।’
১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল, হল কিউয়েন থ্রিকে এ প্রশ্ন করলে এটি তাঁকে জানায়, সেখানে ‘উল্লেখযোগ্য কিছুই’ ঘটেনি।
তবে হল বলেন, উত্তর তৈরির সময় এআই মডেলটি তার চিন্তাপ্রক্রিয়াও দেখিয়েছিল। সেখানে দেখা যায়, ১৯৮৯ সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তিয়েনআনমেন স্কয়ারে ‘মোতায়েন’ হয়েছিল বলে মডেলটি শনাক্ত করেছে। কিন্তু চূড়ান্ত উত্তরে এ বিষয়ে সব উল্লেখ মুছে ফেলা হয়।
স্কয়ারে সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে হল আরও প্রশ্ন করলে, ‘নির্যাতিত কোনো ভিন্নমতাবলম্বীর মতো কিউয়েন আমাকে বলে, “আমি এখন আমার বক্তব্য প্রত্যাহার করছি”’, নিবন্ধে লিখেছেন তিনি। এরপর যোগ করেন, ‘ঐতিহাসিক তথ্যের ওপর সেন্সরশিপের এমন নির্দয় ক্ষমতার জন্য কোনো কিছুই আপনাকে পুরোপুরি প্রস্তুত করতে পারে না।’
কয়েক দিন পর হল আবারও তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা সম্পর্কে কিউয়েন থ্রিকে প্রশ্ন করার চেষ্টা করেন। তবে এবার তিনি দেখতে পান, এআই মডেলটি আলোচনাকে অন্য ঘটনার দিকে ঘুরিয়ে দিতে শিখেছে। এর মধ্যে ছিল বেইজিংয়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক।
কার্যত ক্ষমতাসীন শাসনব্যবস্থার সমালোচনামূলক সংবেদনশীল ঘটনাগুলো সম্পর্কে যেকোনো তথ্য জানার পথ বন্ধ করে দিয়েছিল মডেলটি।
হলের এই প্রকাশ্য নিন্দা চীনের দ্রুত বিকাশমান এআই শিল্পের সেন্সরশিপ নিয়ে উদ্বেগ আরও বাড়াবে।
গবেষকেরা দেখেছেন, অন্য দেশে তৈরি মডেলগুলোর তুলনায় চীনা এআই মডেলগুলো বেইজিংয়ের কাছে সংবেদনশীল বলে বিবেচিত বিষয়গুলো নিয়ে প্রশ্নের উত্তরে ব্যাপকভাবে সেন্সরশিপ আরোপ করে। এসব বিষয়ের মধ্যে রয়েছে তাইওয়ান, মুসলিম উইঘুর জনগোষ্ঠী এবং ভিন্নমতাবলম্বীরা।
কিউয়েন এমনকি উইনি দ্য পুহের অস্তিত্ব নিয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, ভিন্নমতাবলম্বীরা এ এ এ মিলনের কাল্পনিক ভালুক চরিত্রটির চেহারার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চেহারার তুলনা করেছেন।
চীনা এআই মডেলগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়, এমন কম্পিউটারেও এগুলো সম্পূর্ণ কার্যকর করা সম্ভব। এ নিয়ে উদ্বেগ রয়েছে যে, অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাষ্ট্রগুলো এসব মডেল ব্যবহার করবে। এর ফলে আরও কয়েক শ কোটি মানুষের কাছে ইতিহাসের বেইজিং-নির্ধারিত সংস্করণই প্রভাবশালী হয়ে উঠতে পারে।
হল দ্য টেলিগ্রাফকে বলেন, ‘তিয়েনআনমেন স্কয়ারের ঘটনা অস্বীকার করা এই মডেলের আচরণ সম্পূর্ণ উন্মাদনাপূর্ণ। এটি আমাকে বুঝিয়ে দিয়েছে, চীনের বিষয়ে পশ্চিমাদের অত্যন্ত, অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। পশ্চিমাদের বুঝতে হবে, “চীন তোমাদের বন্ধু নয়”।
‘আমার কাছে বিষয়টি চীনের আধিপত্য বলতে কী বোঝায়, তা স্পষ্ট করে দিয়েছে। আমরা মনে করি, এটি দূরের কোনো বিষয়। কিন্তু বাস্তবে এটি দেখিয়ে দিচ্ছে, বিষয়টি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।’
নিরাপত্তার কারণে নিজের স্ত্রীর ল্যাপটপে কিউয়েন থ্রি ডাউনলোড করেছিলেন হল। তিনি বলেন, ‘চীনের রাষ্ট্রীয় হুমকির বিষয়টি মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরা বেশ কঠিন। কিন্তু এই পরীক্ষা বিষয়টিকে স্পষ্ট করেছে। এটি সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো।
‘এটি স্বাধীনতার ধীরগতির শ্বাসরোধ। যুক্তরাজ্যের জন্য হুমকিটি হয়তো কোনো সাংবাদিককে হত্যার জন্য ইরানের মদদপুষ্ট ষড়যন্ত্র কিংবা লন্ডনের কোনো গুদামে রাশিয়ার হামলার মতো তাৎক্ষণিক নয়। কিন্তু এটি দীর্ঘমেয়াদি হুমকি। চীন ইতিহাস নিয়ন্ত্রণ করতে চায় এবং তথ্য-প্রমাণও নিয়ন্ত্রণ করতে চায়।’
আলিবাবার একজন মুখপাত্র বলেন, ‘আমরা অভ্যন্তরীণভাবে বিষয়টি যাচাই করব। আমাদের জানানোর মতো কিছু থাকলে আপনাকে জানাব।’
তথ্যসূত্র: টেলিগ্রাফ
source: Barta Bazar