News

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

ইউরোপের দেশ ইতালি এবার তাদের স্কুলগুলোতে মুখ ঢেকে রাখার পোশাক বোরকা ও নিকাব পরিধান সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে দেশটির প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর ক্লাসরুমে ইতালীয় ভাষায় অনভিজ্ঞ বা দুর্বল শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত করার এক নতুন অধ্যাদেশে অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

ইতালির বর্তমান ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঐতিহাসিক সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করে জানান, নীতিটির মূল লক্ষ্য হলো বিদেশি ও অভিবাসী শিক্ষার্থীদের ইতালীয় সমাজে আরও ভালোভাবে একীভূত (Integration) করা। সেই সঙ্গে একই শ্রেণিকক্ষে ভাষাগতভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত ঘনত্ব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই সরকারি অধ্যাদেশ ও শিক্ষা আইন অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো বিদ্যালয় যদি নিয়ম না মেনে বোরকা-নিকাব পরিহিত শিক্ষার্থী বা ভাষাগত নির্দিষ্ট সীমার চেয়ে বেশি শিক্ষার্থীকে ক্লাসে সুযোগ দেয়, তবে সংশ্লিষ্ট স্কুলকে সর্বোচ্চ ১,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তবে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রেখে হিজাবের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। অর্থাৎ যেসব পোশাকে মুখমণ্ডল সম্পূর্ণ অনাবৃত ও স্পষ্ট দেখা যায়, সেই ধরনের হিজাব পরে ছাত্রীরা নির্বিঘ্নে স্কুলে আসতে পারবে। ইতালির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভাষাগত ও পোশাক সংক্রান্ত নতুন এই নীতি দেশটির প্রায় ১,০০০টি শ্রেণিকক্ষে সরাসরি প্রভাব ফেলবে, যা ইতালির মোট শ্রেণিকক্ষের প্রায় ০.৩ শতাংশ।

সরকারি এই অধ্যাদেশ ইতিমধ্যেই তাত্ক্ষণিকভাবে দেশে কার্যকর করা হয়েছে। তবে ইতালীয় সংবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ আইনে পরিণত হতে আগামী ৬০ দিনের মধ্যে দেশটির জাতীয় সংসদে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button