News

পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

বাংলাদেশ পুলিশে ৪০০০ উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবলসহ নতুন ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টি করা হচ্ছে। প্রস্তাবিত পদগুলো তৈরি হবে রাজস্ব খাতে। পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। প্রস্তাবে তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ বিভিন্ন ইউনিটের জন্য ৯৯৪৩টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুম মুনিরা আমার দেশকে বলেন, বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) এবং কনস্টেবল পদে নতুন পদ সৃজনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। এ প্রক্রিয়া অচিরেই সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের জনসংখ্যা ১৮ কোটি হিসেবে প্রতি ৮৬৬ জন নাগরিকের বিপরীতে একজন করে পুলিশ রয়েছে। পুলিশে বর্তমানে এসআরবির কোটা ও নন পুলিশসহ মঞ্জুরিকৃত মোট পদ দুই লাখ ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে নন পুলিশ পদ রয়েছে ১০ হাজার ৮০৯টি। আর পুলিশ পদ দুই লাখ ৭ হাজার ৯৩৮টি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button