ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। (প্রতিবেদন-স্টার নিউজের)
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাকাল ৭টায় বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
এ ছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।
সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
source: The Dhaka Diary