News

গুলিস্তানে ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী অপতৎপরতা ও গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৩০০ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের অভিযান দেখে বাঁচার চেষ্টায় এক আওয়ামী লীগ নেতা পাশের একটি ড্রেনে লুকিয়ে পড়েন।তবে শেষ রক্ষা হয়নি;পুলিশ সদস্যরা তাকে ড্রেন থেকে টেনে তুলে আটক করে প্রিজন ভ্যানে তুলে নেয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে গুলিস্তানের জিপিও সংলগ্ন জাসদ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ও দেশবিরোধী অপতৎপরতার তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন।কার্যালয়ের ভেতর গোপন বৈঠক চলছে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে প্রথমে যুবদলের নেতাকর্মী ও স্থানীয়রা ভবনটি ঘিরে রাখেন।খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিকেল ৪টার দিকে বিশাল পুলিশ বহর কার্যালয়ে অবস্থান নিয়ে সাঁড়াশি তল্লাশি শুরু করে এবং একে একে হাতকড়া পরিয়ে আটক ব্যক্তিদের কার্যালয় থেকে বের করে আনে।পুলিশের আকস্মিক অভিযানে কার্যালয়ের ভেতরে থাকা অনেকেই দিগ্বিদিক ছুটাছুটি করে পালানোর চেষ্টা চালান।ড্রেনে লুকিয়ে পড়া এক নেতার টেনে উদ্ধারের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযান শেষে আটক সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর পল্টন থানাসহ নিকটস্থ বিভিন্ন থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বৈঠকে উপস্থিতির কারণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button