News
প্রবাসী বাংলাদেশিদের ভয় দেখাতে বিদেশে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ: নাহিদ ইসলাম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভয় দেখাতে আওয়ামী লীগ বিদেশে সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যুক্তরাজ্যের রমফোর্ডে নিজের সংবর্ধনা অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, হামলার ঘটনায় প্যারামেডিকরা ছয়জনকে চিকিৎসা দিয়েছেন। তাদের কয়েকজনের মাথায় আঘাত ছিল। ঘটনাটিকে ‘সহিংস বিশৃঙ্খলা’ হিসেবে তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানের আয়োজকেরা হুমকিমূলক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়ে তিন দিন আগেই পুলিশকে জানিয়েছিলেন এবং অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি চেয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগের এক নেতা পরে প্রকাশ্যে স্বীকার করেছেন, তাদের উদ্দেশ্য ছিল ‘কেলেঙ্কারি সৃষ্টি করা, বিশৃঙ্খলা ঘটানো এবং আতঙ্ক ছড়ানো’।
তিনি বলেন, ‘ব্রিটিশ বাংলাদেশিরা তাদের সম্প্রদায়ের দৃঢ় সদস্য, যারা এই দেশে বিশেষ অবদান রাখেন। এটি কোনো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছিল না। এটি একটি নিষিদ্ধ দলের দ্বারা তাদের বিরোধিতাকারী যে কারো বিরুদ্ধে চালানো সহিংসতার একটি বৈশ্বিক ধারার অংশ।’
পোস্টে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গত মাসে নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা তাকে ঘিরে ধরেন। এর আগে লন্ডনের সোয়াস বিমানবন্দরে তৎকালীন তথ্য উপদেষ্টার গাড়িবহরে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, নিউইয়র্কে সংসদ সদস্য আখতার হোসেন এবং লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা চালানো হয়েছে। অক্সফোর্ডে অক্সফোর্ড ইউনিয়নে শিক্ষাবিদ ও ছাত্রনেতাদের বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের ঘুষি মারার চেষ্টা করলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এ ছাড়া ভেনিসে জুলাই অভ্যুত্থানের প্রতি সমর্থন জানানোর কারণে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালির পুলিশ তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ। এর নেতা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে সংঘটিত অপরাধ, যেমন—জোরপূর্বক গুম থেকে শুরু করে গণহত্যাকাণ্ডের জন্য এর অনেক শীর্ষ নেতা বিচারের মুখোমুখি।’
তিনি আরও বলেন, ‘সেই সহিংস অতীতকে অনুসরণ করে, দলটি এখন প্রবাসী সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য বিদেশে সংগঠিত হচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং ব্রিটেন ও অন্য সব দেশে যেখানে দলটি সক্রিয়, সেখানকার জনশৃঙ্খলার জন্য একটি হুমকি, এবং এটিকে সেভাবেই বিবেচনা করতে হবে।’
যুক্তরাজ্যে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের আহ্বানকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদ একটি অধিকার; সংগঠিত সহিংসতা গ্রহণযোগ্য নয়।’
যাদের কাছে ঘটনার কোনো ফুটেজ রয়েছে, তাদের সিএডি ৭০০৪/১৬এনওভি উল্লেখ করে ১০১ নম্বরে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রিটিশ বাংলাদেশিরা ব্যবসা গড়ে তুলেছেন, নিজ নিজ এলাকার সেবা করেছেন এবং আধুনিক ব্রিটেন গঠনে সহায়তা করেছেন। তাদের নির্ভয়ে সমবেত হওয়ার ও কথা বলার অধিকার রয়েছে এবং যারা তাদের ওপর হামলা করবে, তাদের অবশ্যই আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।’
source: The Dhaka Diary