News

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পর হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী এলাকায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হন রাশেদ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ বলেন, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button