News

যেকোনো দেশের বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হাসিনা

দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস বা মিশনে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে তিনি সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশের কোনো মিশনে যান না কেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নেই বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ূন কবির বলেন, হাসিনা দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।

দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির আরও অভিযোগ করেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তবে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা সরকার অত্যন্ত কঠোরভাবে দমন করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button