অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দল-মতনির্বিশেষে সুবিধাভোগী পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সমপরিমাণ অর্থ দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন আমিনুল হক।
আমিনুল হক বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। বিএনপি বিশ্বাস করে, দল-মতনির্বিশেষে সবার ওপরে দেশের জনগণ। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এই কার্ড পাবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে পর্যায়ক্রমে কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, চলতি বছরের মধ্যে সারা দেশে প্রায় ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার সরকারি পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আরও বেশি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
পল্লবী ও রূপনগরের উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের বিষয়ে আমিনুল হক বলেন, এ এলাকার উর্দুভাষীদের পুনর্বাসন নিয়ে গৃহায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থায়ী পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।
আমিনুল হক বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা কারাগারে রয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার জনগণের পাশে থেকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে চায়। তিনি প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং মানুষের বাক-স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
source: Barta Bazar