News

সচিবালয় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গণপূর্ত মন্ত্রী

বাংলাদেশ সচিবালয় ঢাকার আগারগাঁওয়ে স্থানান্তর করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তবে এই প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়ন উপলক্ষে আয়োজিত এক লটারি অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রিসভার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত

গণপূর্ত মন্ত্রী জানান, সচিবালয় স্থানান্তরের বিষয়টি সরকারের আগামী মন্ত্রিসভা (কেবিনেট) বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কেবিনেটে যদি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত হয়, তবে বর্তমান সরকারের মেয়াদেই পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বর্তমান সচিবালয় পুরোপুরি আগারগাঁওয়ে স্থানান্তর হলে প্রধানমন্ত্রীও নতুন ভবনে অফিস করতে চান।

লটারির মাধ্যমে বদলি ও পদায়ন

মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বদলি ও পদায়নে লটারি ব্যবস্থার কারণ ব্যাখ্যা করেন মন্ত্রী।

তিনি বলেন, বদলি ও পদায়নকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্য যেন না হয় এবং যোগ্য ব্যক্তিরা যেন সঠিক স্থানে দায়িত্ব পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যেন অসৎ উদ্দেশ্যে হয়রানির শিকার না হন—এটিই লটারির মূল উদ্দেশ্য।

মঙ্গলবারের অনুষ্ঠানে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১৫০ জন কর্মকর্তার বদলি ও পদায়ন সম্পন্ন করা হয়।

source: Asia Post

Leave a Reply

Back to top button