News

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা জাহাঙ্গীর

লক্ষ্মীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদলের এক নেতা। শুভেচ্ছা জানানো ওই নেতার নাম জাহের ইসলাম জাহাঙ্গীর। তিনি চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব। অন্যদিকে, শুভেচ্ছা পাওয়া আবু তালেব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে আবু তালেবকে জন্মদিনের শুভেচ্ছা জানান জাহাঙ্গীর। একই সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সমালোচনা করে ছাত্রদল নেতা জাহাঙ্গীর মাহমুদ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, যে ছাত্রলীগের সন্ত্রাসীর হাতে আমাদের শত শত পোলাপানের রক্ত লেগে আছে, শত শত পোলাপান নির্যাতনের শিকার হয়েছে। ৪ আগস্ট সকালে মান্দারীতে পোলাপানকে কুকুরের মতো পেটানো হয়েছে।

তিনি আরও লেখেন, ছাত্রলীগ নেতার জন্মদিনে ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেওয়া দলের নেতাকর্মীদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। এ সময় তিনি সংশ্লিষ্ট নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্রদল নেতা জাহাঙ্গীর মাহমুদের ওই বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়।

শুভেচ্ছার বিষয় জানতে চাইলে জাহের ইসলাম জাহাঙ্গীর বলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গত পরশু দিন আমাকে খোঁচা মেরে একটি ষ্ট্যাটাস ফেসবুকে দেয়। প্রতি উত্তরে আমিও একটা পোস্ট শেয়ার করে এটা লিখি এবং কিছুক্ষণ পর আমার নিজের কাছেই দৃষ্টিকটু হওয়ায় ডিলিট করে দিই।

সন্ত্রাসী কায়দায় খোঁচার প্রতি-উত্তর না দিয়ে সুন্দর-সাবলীল উত্তর দেওয়া আমার অপরাধ হলে সেটি মাথা পেতে নিবো।

জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে শুভেচ্ছাটি মনে হয় স্বাভাবিক অর্থে দেয় নি। তারপরও আমরা খবর নিচ্ছি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button