News

পোশাকশিল্পে অস্থিরতা: জামায়াত আমির সরকারকে যে পরামর্শ দিলেন

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশের পোশাকশিল্পে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পকারখানায় অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে কোনো মালিক বা শ্রমিক নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো শ্রমিকই এমন কাজে জড়িত হবেন না বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি মহল পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে মনে হচ্ছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

জামায়াত আমিরের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, শীত মৌসুমকে সামনে রেখে দেশের পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এ অবস্থায় দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল, আন্তরিক ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button