News

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

রাজপথের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গণঅধিকার পরিষদ।

এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠনটি। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন দলের সভাপতি নুরুল হক নুর।র‌্যালিটি পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল পানির ট্যাংকি মোড়, দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হলেও দলটির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যখন অনেকেই রাজপথে ছিলেন না, তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিলেন।

তিনি বলেন, মোদিবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। রক্ত, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলটির ইতিহাস গড়ে উঠেছে। কোনো রাজনৈতিক সমীকরণ বা ক্ষমতার হিসাব দিয়ে এই আত্মত্যাগ অস্বীকার করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে নুর বলেন, জামায়াতে ইসলামীর প্রভাববলয় থেকে বেরিয়ে এসে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতিতে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, বাংলাদেশের রাজনীতি কোনো বিশেষ গোষ্ঠীর আদর্শিক নিয়ন্ত্রণে পরিচালিত হওয়া উচিত নয়।

জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করে নুরুল হক নুর বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সংকুচিত করা হলে দেশ আবারও সংকটে পড়বে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে ভারতের বিজেপির তুলনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার হওয়া উচিত। অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এআর

source: Barta Bazar

Back to top button