News

আ. লীগ আমলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ 

গুমের প্রতীকী দৃশ্য© এআই জেনারেটেড
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে জেলায় জেলায় গণশুনানি করে অপরাধীদের চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
 
বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরেধী অপরাধের অভিযোগে গণশুনানির বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 
 
এসময় তিনি বলেন, “প্রত্যেক সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনও অংশ নিতে পারবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।”
 
চিফ প্রসিকিউটর বলেন, “এরইমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল, সংগঠন ও আহত-নিহত পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। গণশুনানিতে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা হলে কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না হলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। এছাড়া মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে।”
 
দেশজুড়ে গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, “২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বা মামলা রয়েছে। অনেক ভুক্তভোগী পরিবার গুম বা মানবতাবিরোধী অপরাধের শিকার হলেও এখন পর্যন্ত মামলা করেনি। আবার অনেক অপরাধী এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য রয়েছে।”
 
এদিকে, সংশ্লিষ্টদেরকে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
 
এতে আরও জানানো হয়, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির পূর্বে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button