News
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক— এটি চায় না বিএনপি সরকার

গোপালগঞ্জের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে জানিয়ে বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনেরও মৃত্যু চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব’ নেওয়ার প্রস্তাবের সমালোচনা করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আসিফ মাহমুদ কি ভুলে গেছে গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলামসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিলো? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না।”
তিনি বলেন, “গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণল চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোন সরকারের মতো বেপরোয়া হতে পারে না।”
আরও পড়ুন
তিনি আর বলেন, “আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিলো? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিলো। গোপালগঞ্জ আওয়ামীলীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামীলীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলি ভূমিকা গ্রহণের বিকল্প নেই।”
এর আগে, রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লেখেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি”।
রাশেদ খাঁন, আসিফ মাহমুদ, তারেক রহমান, বিএনপি, এনসিপি, গোপালগঞ্জ, আইনশৃঙ্খলা বাহিনী, ফেসবুক স্ট্যাটাস
source: The Dhaka Diary