লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি প্রশ্ন রাশেদ খাঁনের

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
এ ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় বিএনপি সরকারকে দোষারোপ করা হলেও এবার নাহিদের ওপর হামলার জন্য কাকে দায়ী করা হবে?
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শীঘ্রই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’
তিনি আরও লেখেন, ‘গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি- আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করলো, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’
‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’
রাশেদ খাঁন লেখেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’
শু
source: Barta Bazar