News

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার রায় আজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের রায়কে রোহিঙ্গা সংকটের বিচারে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেন, তবে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তা হবে নজিরবিহীন ঘটনা।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু হওয়ার কথা। এ প্রক্রিয়ায় দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

রায়টি চূড়ান্ত হবে। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা খুবই সীমিত। মিয়ানমার রায় না মানলে মামলার বাদী পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করতে পারবে।

মামলার পটভূমি

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মধ্য দিয়ে গণহত্যা সংঘটিত হয়েছে। এ জন্য মিয়ানমার রাষ্ট্র হিসেবে দায়ী।

ওই সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন। মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। অন্যদিকে রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম।

অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনও তাদের প্রতিবেদনে বলেছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে বৈধভাবেই অভিযান চালিয়েছিল তাদের বাহিনী। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন কোনো প্রত্যক্ষ প্রমাণও নেই বলে দাবি করেছে মিয়ানমার।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button