News

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, বিচারপতি হিসেবে এই আসনে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জাজনক। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও আখ্যায়িত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানিকালে আপিল বিভাগে প্রশ্ন ওঠে যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব হলো।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন দণ্ডপ্রাপ্তরা, এবং বর্তমানে তাঁরা তিনজনই কারাগারে রয়েছেন।

এর আগে নকলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে আপিল শুনানিতে উঠে আসে যে, অভিযোগের সময়কালে আসামি আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। সেই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার যৌক্তিকতা নিয়েই সর্বোচ্চ আদালতের বিচারপতিরা প্রশ্ন তোলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button