News

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৫ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৫ শিশুর। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ২৭০ শিশু।

এ ছাড়া সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩৪১ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১২৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮০ হাজার ৫৫৯ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ৯৬৬ জন। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬৭৫ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৮ হাজার ৯১০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের ২ জন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৬ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৩১ জন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button