মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ আহত ৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাস। এতে পুলিশের দুই কনস্টেবলসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকান এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ, সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে টহল গাড়িতে থাকা কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
source: The Daily Campus