News

মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখে মানবপাচারকারী চক্র। পরে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যান তারা।

শুক্রবার রাতে এ ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। ট্রলারে থাকা অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।

ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু মাঝপথে পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন। তাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।

ইলিয়াস বলেন, একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। তাদের মধ্যে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে। বাকিরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান।

মানবপাচারে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ

এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে মাছ ধরার ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের অভিযোগও রয়েছে।

এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ আরো ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার নামে মানবপাচার এবং নারী ও শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং পাচার চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button