News
১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফিরতে চান হাসিনা, উড়োজাহাজ ব্যবস্থা করার অনুরোধ

ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটি পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকী।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কেবল বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।
এবারই প্রথম ৭৯ বছর বয়সী শেখ হাসিনা দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তার এই ঘোষণা নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। কারণ, দেশে তার দল নিষিদ্ধ এবং চলতি মাসের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে সহিংসতাও বেড়েছে।
অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তার পাসপোর্ট ও নথিপত্র বাতিল করা হয়েছিল। সেগুলো পুনরায় পাওয়ার আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “এমন পরিস্থিতিতে সংবিধান পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তার প্রত্যাবর্তন সম্ভব করে তোলা এখন সরকারেরই দায়িত্ব।”
তবে সরকার তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। সরকারের পক্ষ থেকে পুনরায় জানানো হয়েছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে পারে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন। অবশ্য নির্বাসনে থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
আরও পড়ুন
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, “হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; তিনি একজন পলাতক সন্ত্রাসী।” তিনি আরও বলেন, “প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাতে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্য দিয়েই কেবল তিনি দেশে ফিরতে পারেন।”
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে এবং তারা “নতুন সরকারের সাথে গঠনমূলকভাবে কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে” চায়।
উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ এ ধরনের কোনো অবাস্তব বা বিভ্রান্তিকর অনুরোধ আমলে নেবে না।”
যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির জন্য সরকারের পক্ষ থেকে দেশে ফেরার ব্যবস্থা করার প্রত্যাশা করা অযৌক্তিক।”
এর আগে, রবিবার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ওই গণ-অভ্যুত্থান চলাকালে ১ হাজার ৪০০ জন পর্যন্ত মানুষ নিহত হয়েছিলেন।
source: The Dhaka Diary