কুবি প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট আগামীকাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে একই দিন দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জনি আলম এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।
ঘোষিত তফসিল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রেস ক্লাবের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর রাত ১০টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হয়। একই দিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কুবি প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেস ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনি বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষ ও গোপন ব্যালটের মাধ্যমে সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সপ্তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আজ বেলা ৩টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি, আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে।’
source: Barta Bazar