Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুলের কুরআনি সুরে মুগ্ধ মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:
হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। তারা ওড়াচ্ছেন বিশ্ব-দরবারে দেশের পতাকা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। নানা দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য হাফেজ।

বিদেশের মাটিতে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আবেগঘন ও আবেশময়। বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়াতে যান। এ রেওয়াজ বেশ পুরোনো। তবে মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম।

হাফেজ মোহাম্মদ ইয়াসিন: হাফেজ মোহাম্মদ ইয়াসিনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামে। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৯ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয় হাফেজ মোহাম্মদ ইয়াছিন ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল। ১৯৮২ সালে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি হাফেজ ইয়াসিন। বিদেশের মাটিতে তিলাওয়াতের মাধ্যমে বেশি বেশি করে কোরআনের মুগ্ধতা ছড়াতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ ইয়াসিন।

হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম: রাজধানী কুয়ালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন। তিনি গত বছরও কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

দুবাই আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ২০১৭ সালে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক।

হাফেজ তরিকুল ঢাকার যাত্রাবাড়ী মারকাজুত তাহফিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়েছেন। তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেছার আহমদ আন নাশিরীর কাছ থেকে। বিশ্ব-দরবারে বাংলাদেশের নাম উচ্চকিত করা তরিকুলের স্বপ্ন।

Source: প্রবাস বার্তা

Back to top button