Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

টানা ৪০ দিন ফজরের জামাতে অংশ নেওয়ায় ৩৭ শিশু-কিশোরকে সাইকেল উপহার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করায় ৩৭ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে আরও অনুপ্রাণিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ উদ্যোগ গ্রহণ করে আল-ইহদা ফাউন্ডেশন।

শনিবার বিকেলে শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে শিশু-কিশোরদের একটি বড় অংশ নামাজ ও নৈতিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মসজিদমুখী করতে এবং তাদের চরিত্র গঠনে আধুনিক ও আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে উৎসাহ দেওয়া অত্যন্ত কার্যকর। তারা আরও বলেন, এ ধরনের কার্যক্রম কিশোর অপরাধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরস্কার পাওয়া শিশু-কিশোররা জানায়, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া তাদের জন্য প্রথমে কিছুটা কঠিন ছিল। তবে ধীরে ধীরে অভ্যাস তৈরি হয় এবং এতে তারা আনন্দও পেতে শুরু করে। সাইকেল পুরস্কার পেয়ে তারা আরও উৎসাহী হয়েছে ভবিষ্যতে নিয়মিতভাবে নামাজ আদায় করতে।

অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সন্তানদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে বাড়িতে যতটা চেষ্টা করা হয়, তার চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলেছে এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button