Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ফেনীর সেই জুলাই যোদ্ধার ওপর বিএনপির হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত সেই জুলাই যোদ্ধাকে মারধর করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা। শুক্রবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথা নামক স্থানে এ হামলা করা হয়।

হামলার শিকার সায়েম একই ইউনিয়নের মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনীর আল-জামেয়াতুল মালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের মহিপালে আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে দেশজুড়ে আলোচিত হন এই জুলাই যোদ্ধা। সেদিন হামাগুঁড়ি দিয়ে ছাদের উপর থেকে তার মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল।

এনসিপির ফেনী-৩ আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় জুলাই যোদ্ধা সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেয় বিএনপি নামধারী সন্ত্রাসীরা। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা ৪-৫ জন সন্ত্রাসী তাকে কিল-ঘুষি, লাথিসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করতে থাকে। একপর্যায়ে বেদম মারধর শেষে তাকে সেখানে ফেলে যায়।

খবর পেয়ে অ্যাম্বাসেডর আবদুল্লাহ আল জোবায়েরজোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা মুখপরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে জুলাই যোদ্ধা সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

ছাত্রশিবিরের ফেনী শহর সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, ঘটনা জেনে ফেনীর জুলাই যোদ্ধারা সায়েমকে দেখতে সঙ্গে সঙ্গে হাসাপাতালে ছুটে যান। তিনি সায়েমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, আলোচিত জুলাই যোদ্ধাকে মারধর করার বিষয়টি শুনেই আমরা হাসপাতালে ছুটে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। বর্তমানে তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম বলেন, আলোচিত জুলাইযোদ্ধা সায়েম উদ্দিন ফেনী জেনারেল হাসপাতালে আসার পর থেকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ভর্তি আছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম আমার দেশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ততক্ষণে আহত জুলাইযোদ্ধাকে চিকিৎসার জন্য ফেনী নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে মামলা গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button