Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কায়সার নামে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খামারের মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে দুই বছর ধরে ছাগলের খামারটি করে আসছি। খামারের দেখভাল করার জন্য কর্মচারী রয়েছে। গতকাল রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে খামার এলাকায় এসে ধারালো অস্ত্রের মুখে খামারের এক কর্মচারীকে জিম্মি করে। এরপর খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা।’

লুট হওয়া সব ছাগলের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার মতো উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হবে।

এ বিষয়ে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘কর্মচারীকে বেঁধে একটি খামারের কিছু ছাগল লুট করার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: ittefaq.com.bd

Back to top button