সর্বশেষ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপ্রধান বাছাই নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে।আগামী সেপ্টেম্বরে বসতে যাওয়া সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আভাস দিয়েছে সরকার।অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি জানিয়েছে, দলীয় ফোরামে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।তবে সূত্রের খবর, এবার কোনো অরাজনৈতিক ব্যক্তি নয়, বরং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকেই রাষ্ট্রপতি হিসেবে প্রাধান্য দিতে চায় বিএনপি।

বিএনপির অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে যে, এক-এগারোর সংকটকালে তৎকালীন অরাজনৈতিক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ পরিস্থিতি দৃঢ়ভাবে সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন।দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, ভবিষ্যতে উদ্ভূত যে কোনো রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবিলায় মাঠে কাজ করা অভিজ্ঞ রাজনীতিকদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নিয়ম থাকলেও বিএনপি এই প্রক্রিয়া বিলম্বিত করতে চায় না। সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং প্রধান বিরোধী দল জামায়াতসহ সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দ্রুততম সময়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পক্ষে মতামত দিচ্ছে দলটি।এ প্রসঙ্গে আইনমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই মুহূর্তে বিশেষ অধিবেশন না ডেকে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির পক্ষ থেকে একাধিক জ্যেষ্ঠ ও প্রবীণ রাজনীতিকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম উল্লেখযোগ্য। ইতোমধ্যে সম্ভাব্য প্রপ্রাইডারদের প্রোফাইল প্রধানমন্ত্রীর বিবেচনাধীন রয়েছে এবং স্থায়ী কমিটির আসন্ন বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button