News
‘অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, প্রমাণ ছাড়া মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
এতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা অভিযোগ করছেন, জুন ও জুলাই মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সময়ে হঠাৎ করে তীব্র লোডশেডিংও বেড়েছে বলে অভিযোগ তাদের।
বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময়ের লোডশেডিং উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
গ্রাহকদের দাবি, একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে প্রত্যাশার চেয়ে বেশি বিল দুই সংকটের চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সাধারণ গ্রাহকের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারাও চরম ভোগান্তির মুখে পড়েছেন।
source: The Dhaka Diary