News

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।© সংগৃহীত
 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ৩১ আগস্ট পাঠানো এক চিঠিতে ট্রাম্পও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সরাসরি সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছিলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ সফরে সরকারপ্রধান হিসেবে তিনি প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে বোয়িং কেনার জন্য কেউ চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদার কারণেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হবে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, খাতটিতে দুর্নীতির চিত্র দেখলে বোঝা যায় কীভাবে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ, অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়ে হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কার সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

source: The Dhaka Diary

Back to top button