News

ময়মনসিংহে বাস-লেগুনার সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২০

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উকিল বাড়ি মোড়ে  বাস ও লেগুনার সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উকিলবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি উকিলবাড়ী এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে উকিলবাড়ী মোড়ে বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলমগীর হোসেন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এবং আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button