News
ডা. জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিভিন্ন কর্মসূচির ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক পোস্টে জানিয়েছেন এমিন এরদোয়ান। সেখানে জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন তিনি।
পোস্টে এমিন এরদোয়ান লেখেন, “আন্তালিয়ায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর শ্রদ্ধেয় স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্যমাত্রার প্রেক্ষাপটে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব আমরা পর্যালোচনা করেছি।”
তিনি আরও লেখেন, “আমরা আন্তালিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছি। জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি।”
এদিকে, একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
source: The Dhaka Diary