ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের ভূমিকা রাখতে হবে: ডেপুটি স্পিকার

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।
বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’
source: Daily Amar Desh