News
গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, নতুন এসপি প্রত্যুষ কুমার মজুমদার

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। অন্যদিকে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, রবিবার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তবে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জানমালের কোনো ক্ষতি হয়নি।
এর আগে, গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
source: The Dhaka Diary