News

ভিডিওবার্তার পর গ্রেপ্তার সাঈদ খোকন, যেসব মামলা ও অভিযোগ রয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন© সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তারের আগে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন সাঈদ খোকন। সেখানে তিনি বলেন, পুরো বাংলাদেশ যেন একটি কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন তার ওপরই খড়্গ নেমে আসছে, সে প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করেন।

এসআরবি সূত্র জানায়, বাহিনীর এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অর্থপাচার ও দুর্নীতির মামলা

সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে, তার বোন শাহানা হানিফ এবং পরিবারের একজন কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি ৭৮ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, সাঈদ খোকন ও তার বোনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেড’-এর বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে সাতটি হিসাবে মোট ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা স্থানান্তর ও লেনদেন করা হয়েছে। এসব লেনদেনে অর্থের উৎস আড়াল করতে স্তরীকরণ বা লেয়ারিং পদ্ধতি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৯০ কোটি টাকার বিনিয়োগ জব্দ

দুর্নীতির অভিযোগের তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

একই বছরের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন।

এ ছাড়া গুলশানে তার ১৪ তলা একটি ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমিসহ একটি বাড়ি জব্দের আদেশ দেন আদালত।

প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের পরিমাণ ৯৪ কোটি ২০ লাখ টাকা।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় একাধিক মামলা

অর্থপাচার ও দুর্নীতির অভিযোগের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায়ও সাঈদ খোকনকে আসামি করা হয়েছে। ডিবি কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।

সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাবা মোহাম্মদ হানিফও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।

source: The Dhaka Diary

Back to top button