News

মিরসরাইয়ে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক কলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়ে প্রায় দেড় থেকে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিজতালুক কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি বড় কড়ই গাছ কেটে সড়কে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। গাছটি চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্যাংকারের ওপর পড়লে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইফতেখার উদ্দিন বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গাছটি একটি চট্টগ্রামমুখী তেলবাহী ট্যাংকারের ওপর পড়ায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, মহাসড়কে গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছটি ভেঙে সড়কে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি সরিয়ে নেওয়া হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button