News
বিচার হচ্ছিল মিয়ানমারের, উদ্বেগে ছিল ইসরায়েল; গাজা মামলায়ও গুরুত্বপূর্ণ নজির হবে আইসিজের রায়: আসিফ নজরুল

বিচার হচ্ছিল মিয়ানমারের, উদ্বেগে ছিল ইসরায়েল; আইসিজের রায় গাজা মামলায়ও গুরুত্বপূর্ণ নজির হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেছেন, ‘বিশ্বের সর্বোচ্চ আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে) রায় দিয়েছেন যে, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার।’
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল লেখেন, “বিচার হচ্ছিল মিয়ানমার রাষ্ট্রের, ভয়ে ছিল ইসরায়েল; অপেক্ষায় ছিল সারা বিশ্ব। অবশেষে সেই বিচারের রায় হয়েছে। বিশ্বের সর্বোচ্চ আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে) রায় দিয়েছেন যে, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল মিয়ানমার। এর আগে এই আদালত কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী বলে ঘোষণা করেননি। রাষ্ট্রীয় অপরাধগুলোর মধ্যে গণহত্যাকে সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়। এর দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায়টি অসীম গুরুত্ব বহন করবে। কারণ, এ ধরনের মামলার ক্ষেত্রে এই রায় একটি আইনি নজির তৈরি করেছে।”
আরও পড়ুন
তিনি বলেন, “বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দায়ের করা গাজায় গণহত্যার মামলায় এই রায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। ইসরায়েল দাবি করে আসছে, গাজায় তাদের ব্যাপক হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর সময় একই রকম দাবি করেছিল মিয়ানমার। কিন্তু বিচারকরা মিয়ানমারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে, ‘তারা আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনা করেছিল’।”
তিনি আরও বলেন, “জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যে বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যার অপরাধ সংঘটিত করেছে। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আইসিজের ভবিষ্যৎ রায়ে এখন এটি প্রতিষ্ঠিত না হওয়ার কোনো কারণ নেই।”
সাবেক আইন উপদেষ্টা বলেন, “আইসিজের রায়ে রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে (মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ অথবা ‘বিদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ করে)। এই স্বীকৃতি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রয়াসকে নানাভাবে সাহায্য করবে।”
আসিফ নজরুল বলেন, “আইসিজের রায় কার্যকর করার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে এর সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক বলে বিবেচিত হয়। এর রায় আন্তর্জাতিক কূটনীতিতেও যথেষ্ট গুরুত্ব বহন করে। এই রায়ের ফলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের পথও তৈরি হতে পারে।”
source: The Dhaka Diary