News

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা পুলিশ হেডকোয়ার্টার্সের

আইজিপি মো. আলী হোসেন ফকির© সংগৃহীত ও সম্পাদিত
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশের দাবি, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি। একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যও অসাবধানতাবশত হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
 
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনামের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। জনমনে বিভ্রান্তি নিরসনে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ বক্তব্য জানানো হয়েছে।
 
পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।
 
পুলিশের আত্মরক্ষার অধিকারের বিষয়ে প্রচলিত আইনের উল্লেখ করে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-সহ দেশের প্রচলিত আইনে পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।
 
আরও পড়ুন
 
আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। এ ক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করা হয়েছে বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।
 
এদিকে, একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ বিষয়ে তাদের বক্তব্য, আইজিপি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি। মন্তব্যটি অসাবধানতাবশত হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
 
এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে দেশে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না।
 
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, জনগণকে প্রকৃত স্বস্তি-শান্তিপূর্ণ পরিবেশ দিতে, অর্থনৈতিক উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
 
শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে তিনি বলেন, কে আসবে, কী হবে— সেটি আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে, যা প্রয়োগ করা দরকার, সেটিই আমরা করব। ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ (অনুমোদন) করে, আমরা সেটাই করব।
 
পুলিশ বাহিনীকে কাজ করার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, লাঠিপেটা করলে বলবে ফ্যাসিস্ট পুলিশ, আর নীরবে থাকলে বলবে দুর্বল পুলিশ। কাজেই আমাদের কাজ করার পরিবেশ দিতে হবে। সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই।
 
আইজিপি আরও বলেন, বর্তমানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ কারণে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আগে নিজের ঘর পরিষ্কার রাখতে হবে। তবে কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা, শান্তি-সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন— সবকিছু সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব।

source: The Dhaka Diary

Back to top button