বেবিচকের সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা জোরদারে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছে সরকার। বিশেষ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা তদারকি, কারিগরি দক্ষতা বৃদ্ধি, পরিদর্শকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে আইকাওয়ের সহায়তা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২০ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আইকাওয়ের ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বিমানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও আইকাওয়ের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বিমান চলাচল এবং উদীয়মান প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। পরিবেশগত টেকসই উন্নয়নের পাশাপাশি ‘অ্যাডভান্সড এয়ার মোবিলিটি’ বা উন্নত আকাশপথ যোগাযোগব্যবস্থার সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন মহাসচিব।
জবাবে মন্ত্রী বলেন, বেবিচকের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো বিমান চলাচল খাতের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এ ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, নিরাপত্তা তদারকি কার্যক্রম শক্তিশালী করা এবং বিমান চলাচল পরিদর্শকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে আইকাওয়ের সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বিমান চলাচল খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বিমান চলাচল খাতের সক্ষমতা বাড়ানো, নিরাপত্তা তদারকি শক্তিশালী করা এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আইকাওয়ের সঙ্গে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post
