News

মাছ দেওয়ার প্রলোভনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে মাছের ঘেরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মোংলার সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার কাঞ্চন শিকদারের ছেলে।

পুলিশ ও কিশোরীর পরিবারের সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি মাছের ঘেরে নিয়ে যায় সুমন শিকদার। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখায় অভিযুক্ত সুমন। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বাবা-মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার বিকেলে সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সুমন শিকদারকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সুমন শিকদারকে আটক করা হয়েছে। কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কিশোরীর পরিবারের অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button