News
জুলাই অভ্যুত্থানে দুই হত্যা ও হত্যাচেষ্টার মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তিন মামলায় মোট ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
তিন মামলার মধ্যে ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন হত্যা মামলায় ৪৩ জন, রায়হান আকন হত্যা মামলায় ৪৯ জন এবং অটোরিকশাচালক মেহেদী হাসানের হত্যাচেষ্টা মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে।
তিনটি মামলাতেই শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম রয়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হওয়ার পাঁচ দিন পর মারা যান ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন। তার বাবা ফারুক খান ১০২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
তদন্ত শেষে ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে ৬৬ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট বাড্ডার ইউলুপ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী রায়হান আকন।
তার বাবার করা মামলায় ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং ২৩৬ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আহত অটোরিকশাচালক মেহেদী হাসানের করা হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ মামলায় একজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
ইলিয়াসের ভাই মহসিন খান ও দুলাভাই রফিকুল ইসলাম দোষীদের বিচার দাবি করেছেন। অন্যদিকে, রায়হান আকনের চাচাতো ভাই আরিফুল ইসলাম কামরুলের অভিযোগ, তার চাচাকে ভুল বুঝিয়ে মামলা করানো হয়েছে এবং মামলাকে কেন্দ্র করে বাণিজ্য করা হয়েছে। তিনি বলেন, নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন। মেহেদী হাসানও দোষীদের দ্রুত বিচার দাবি করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।
source: The Dhaka Diary